নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি বন্ধ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। নাব্যতা-সংকটের কারণে বৃহস্পতিবার সকালে অর্ধশত যাত্রী ও যানবাহন নিয়ে পদ্মা নদীতে ফেরি আটকে যায়। এর পর আটটার দিকে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয় ঘাট কর্তৃপক্ষ।

এক মাসের বেশি সময় ধরে নাব্যতা-সংকট ও স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এ কারণে অর্ধেকের বেশি ফেরি প্রায় বন্ধ রাখতে হতো।

গত শনিবার থেকেই নৌরুটে নাব্যতা সংকটের কারণে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ ছাড়া দিনে ছোট ৫-৬টি ফেরি চলাচল করতো। বৃহস্পতিবার নাব্যতা সংকটের কারণে দুটি মাঝারি ফেরি চ্যানেল অতিক্রম করতে না পারলে পরিস্থিতি বিবেচনায় ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মো. হিলাল সংবাদমাধ্যমকে বলেন, রাতে ফেরি বন্ধ থাকার পর সকাল পৌনে ৬টার দিকে এ ঘাট থেকে কলমিলতা কাকলী নামে একটি ফেরি ছেড়ে যায়। মাদারীপুর ঘাট থেকেও অর্ধশত যাত্রী ও ২০টি যানবাহন নিয়ে কিশোরী নামের একটি ফেরি আসছিল। নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করায় নৌপথের লৌহজং চ্যানেল মুখে সেটি আটকা পড়েছে।

এ অবস্থায়  ঘাটে সাড়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।