লেবানন থেকে ২৯ দিন পর ফিরল রাশেদের লাশ, পরিবারে শোকের মাতম

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত নারায়ণগঞ্জের মোহাম্মদ রাশেদের মরদেহ ২৯ দিন পর বাড়িতে ফিরেছে। গত বুধবার রাতে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নন্দলালপুর এলাকায় নিজ বাড়িতে তার মরদেহ নিয়ে আসেন স্বজনরা। রাতেই জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু পরিবারের সদস্যদের সান্তনা দেন। উপজেলা প্রশাসন থেকে  শোকাহত পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ইউএনও।

কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু দেশ রূপান্তরকে জানান, এসএসসি পাসের পর অর্থাভাবে পড়াশোনা আর এগোয়নি মোহাম্মদ রাশেদের (৩৮)। চার ছেলেমেয়েকে  রেখে ২০০৮ সালে মারা যান বাবা হাফিজুর রহমান। বড় ছেলে হিসেবে পিতৃহীন পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নেন রাশেদ। দেশে থাকতে একটি রি-রোলিং কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। ভাগ্য ফেরানোর আশায় ২০১৫ সালের ২২ জুন পাড়ি জমিয়েছিলেন লেবাননে। রাজধানী বৈরুতের ঝিমাইজি এলাকায় একটি রেস্তোরাঁয় কাজ করছিলেন।

গত ৪ আগস্ট ওই  রেস্তোরাঁ থেকে মাত্র ৪০০ গজ দূরে ঘটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা।