শ্বাসকষ্ট বাড়াচ্ছে ই-সিগারেটের ‘নতুন’ বিষাক্ত রাসায়নিক

ইলেকট্রনিক সিগারেটে ‘নতুন’ এক প্রকার বিষাক্ত রাসায়নিক পদার্থ শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা, যা শ্বাসকষ্টের পাশাপাশি হার্টের সমস্যা বাড়িয়ে দেয়।

ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ভ্যানিলা, বেরি এবং দারুচিনির মতো স্বাদ তৈরি করতে ব্যবহৃত ওই বিষাক্ত উপাদানগুলো অন্য দ্রবকের সঙ্গে মিশে একটি বিপজ্জনক সংমিশ্রণ তৈরি করে।

প্রচলিত ধূমপানের তুলনায় ই-সিগারেট বা ভ্যাপিং কম ক্ষতিকর বলে অনেকেই দাবি করে থাকেন। কিন্তু সেটি কতটুকু কম, তা নিয়ে বিতর্ক বহু পুরোনো।

চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, কিশোরদের বেড়ে ওঠা মস্তিষ্কের জন্য ই-সিগারেট খুব ক্ষতিকর।

নতুন এই গবেষণায় বলা হয়েছে, ই-সিগারেট ফুসফুসের কোষের পাশাপাশি রক্তনালি এবং হার্টের ক্ষতি করে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের অন্য দুটি গবেষণার উদ্ধৃতি দিয়ে পপুলার সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, ই-সিগারেটের কারণে হৃদরোগও হয়।

গবেষণা দলের প্রধান ফ্লোরিয়ান বলছেন, ‘তামাক থেকে মুক্তি পেতে যারা ই-সিগারেট ব্যবহার করেন, তাদের জন্য ভালো কোনো খবর নেই। আমাদের গবেষণা বলছে এটি ব্যবহার করলে হার্টের দীর্ঘ মেয়াদি ক্ষতি হয়।’

বাংলাদেশে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ৩৫ শতাংশের বেশি মানুষ কোনো না কোনো ধরনের তামাক সেবন করে। তবে ই-সিগারেটের প্রভাব নিয়ে বলার মতো কোনো পরিসংখ্যান নেই।

সেটি না থাকলেও সরকার এই ধরনের সিগারেট নিষিদ্ধ করার কথা ভাবছে।

স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সম্প্রতি ভারত ই-সিগারেট নিষিদ্ধ করেছে।