শরীয়তপুরের জাজিরায় এক যুবকের বিরুদ্ধে নারীকে ধর্ষণের পর ভিডিওচিত্র ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত বুধবার রাতে উপজেলার ধরম বাজারে অভিযান চালিয়ে আজিজুল মোল্লা (২৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৮ (সিপিসি-৩) মাদারীপুর ক্যাম্পের আভিযানিক দলের কোম্পানি স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, ভুক্তভোগী নারীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আজিজুলের। পরে কৌশলে ওই নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের পর তার ভিডিওচিত্র ধারণ করে সে। এরপর সেসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে আজিজুল। মান-সম্মানের ভয়ে তিন লাখ টাকা ও এক ভরি সোনার গয়না আজিজুলকে দেয় ওই নারী। তারপরও শারীরিক সম্পর্ক ও বাকি টাকার জন্য ওই নারীকে বারবার চাপ প্রয়োগ করতে থাকে আজিজুল। এ ঘটনায় আজিজুলের বিরুদ্ধে একটি মামলা করেন ওই নারী।