বাংলাদেশে অটোমোবাইল কারখানা স্থাপনের চিন্তাভাবনা করছে জাপান। এছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেশটি বড় অঙ্কের বিনিয়োগ করবে। এটি হবে এশিয়ায় সবচেয়ে বড় বিনিয়োগ।
গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার সরকারি বাসভবনের অফিসকক্ষে মতবিনিময়কালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার জাপান। জাপানে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর প্রচুর সুযোগ রয়েছে। বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে চায়। তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আরও বাণিজ্য সুবিধা দেওয়া হলে জাপানে রপ্তানি বাড়বে।
২০২৪ সালে এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। এরপর পাঁচ বছর চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। এগুলোতে জাপান বিনিয়োগ করলে লাভবান হবে। এখানে বিনিয়োগে বাংলাদেশ আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদানের প্যাকেজ ঘোষণা করেছে। জাপানের তৈরি গাড়ির বড় বাজার বাংলাদেশ। জাপান বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করলে তা লাভজনক হবে।’
জাপানের রাষ্ট্রদূত বাণিজ্যমন্ত্রীকে জানান, জাপান বাংলাদেশে অটোমোবাইল কারখানা স্থাপনের চিন্তা করছে। আড়াইহাজারে স্পেশাল ইকোনমিক জোনে জাপান বড় ধরনের বিনিয়োগ করবেÑ এ বিনিয়োগ হবে এশিয়ার মধ্যে বৃহৎ। জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে তার দেশ। ২০২৪ সালে এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশকে দেওয়া বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার চিন্তা করছে জাপান। এজন্য এফটিএ বা পিটিএ করা যেতে পারে। জাপানের ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা যেতে পারে বলে জানান তিনি।