করপোরেট বন্ড ইস্যুর মাধ্যমে ২১০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছে প্রাণ অ্যাগ্রো লিমিটেড। কোম্পানিটির ইস্যু করা এ বন্ডে সবচেয়ে বড় বিনিয়োগ করবে মেটলাইফ বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রাণ অ্যাগ্রোর করপোরেট বন্ডের অনুমোদন দিয়েছে।
এসইসি জানিয়েছে, প্রাণ অ্যাগ্রো লিমিটেডের করপোরেট বন্ডের ন্যূনতম ৮০ শতাংশ মেটলাইফ বাংলাদেশের কাছে ইস্যু করা হবে। অর্থাৎ এ করপোরেট বন্ডের মোট আকারের মধ্যে অন্তত ১৬৮ কোটি টাকা বিনিয়োগ করবে মেটলাইফ। প্রাণ অ্যাগ্রোর পূর্ণ অবসায়নযোগ্য, অরূপান্তরিত, অনিরাপদ ও করপোরেট গ্যারান্টেড বন্ডটির কুপন রেট হচ্ছে ৮ থেকে ১০ শতাংশ, যা সাত বছরে পূর্ণ অবসায়ন হবে। বন্ডটিতে করপোরেট গ্যারান্টার হচ্ছে গ্যারান্টকো লিমিটেড।
মেটলাইফ বাংলাদেশ ছাড়াও প্রাণ অ্যাগ্রোর এ বন্ডটিতে অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিনিয়োগ করতে পারবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সংগ্রহ করে যন্ত্রপাতি ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করবে প্রাণ অ্যাগ্রো লিমিটেড। বন্ডটির ট্রাস্টি ও লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড ও রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড।