২০১৭ সালের সেপ্টেম্বর থেকে বিমসটেকে দ্বিতীয় মহাসচিবের দায়িত্বে থাকা এম শহীদুল ইসলাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৪ সালের জুন থেকে এ দায়িত্ব পালন করে আসা কূটনীতিক মোহাম্মদ জিয়াউদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন শহীদুল ইসলাম। ১৯৯২ থেকে ১৯৯৪ সময়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে দ্বিতীয় ও প্রথম সচিবের দায়িত্বে ছিলেন এই কূটনীতিক। শহীদুল ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে বাংলাদেশ মিশনে কাউন্সিলর এবং মিশন উপ-প্রধানের দায়িত্ব পালন করেন। দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। ২০১২ সাল থেকে প্যারিস মিশনে থাকার সময় ইউনেস্কোতে স্থায়ী প্রতিনিধিসহ বিভিন্ন মেয়াদে রোমানিয়া, আলজেরিয়া, আইভরিকোস্ট ও ক্যামেরুনে রাষ্ট্রদূত বা হাই কমিশনারের দায়িত্বও পালন করতে হয় তাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস, প্যাসিফিক ও কাউন্টার টেররিজম এবং ইউরোপ উইংয়ের মহাপরিচালকের দায়িত্বেও তিনি ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর ও প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্কে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমাকারী শহীদুল ইসলাম দুই সন্তানের জনক।