টাঙ্গাইলের মির্জাপুরে মাকে নুডলস তৈরি করতে বলে বাড়ি থেকে বের হয়ে রাত শেষে লাশ হয়ে বাড়ি ফিরল আসলাম মিয়া (২০) নামে এক যুবক।
শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুর্নী-ফতেপুর সড়কের বহনতলী বিলে বঙ্গবন্ধু সেতুর ট্রেন লাইনের নিচে পানিতে ভাসতে থাকা তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসলাম কুর্নী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কাতার ফেরত আসলাম মাকে নুডলস তৈরির কথা বলে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। শুক্রবার সকালে রেল ব্রিজের নিচে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, ছেলেটি চলন্ত ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে যায়। পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।