দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাসভব ও কার্যালয়ের নিরাপত্তায় বৃহস্পতিবার রাতে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদের পাশে ইউএনওর বাসভবনের সামনে গিয়ে দেখা যায়, বাসভবনের প্রধান ফটকে চার আনসার সদস্য পাহারায় রয়েছেন।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী বাসভবন ও প্রশাসনিক ভবনের নিরাপত্তায় আনসার সদস্যদের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেন।
পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোমিন উদ্দীন জানান, বৃহস্পতিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর এবং দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্টের নির্দেশনা মোতাবেক আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষিতদের মধ্য থেকে বাছাই করে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ আনসার সদস্যকে নিয়োগ করা হয়। শুক্রবার সকালে ইউএনওর বাসভবন ও প্রশাসনিক ভবনের নিরাপত্তায় আরো আনসার সদস্যকে নিয়োগ করা হয়েছে।