সাইবার হামলার আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

দেশের ব্যাংকগুলোর ওপর নতুন করে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের এই সতর্কতা জারি করার পর অনেক ব্যাংক অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করেছে। কোনো ব্যাংক অন্য ব্যাংকের গ্রাহকদের এটিএম থেকে টাকা উত্তোলন করতে দিচ্ছে না। ব্যাংকগুলো জানিয়েছে, সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আগস্ট মাসের মাঝামাঝি তাদের কাছে তথ্য আসে, ‘বিগল বয়েজ’ নামে একটি হ্যাকার গ্রুপ ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে। গ্রুপটি উত্তর কোরিয়ার। এর পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দেওয়া হয়। এদিকে ব্যাংকগুলোর তথ্যপ্রযুক্তি, অনলাইন ব্যাংকিং ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেলের কর্মকর্তারা জানান, সতর্কতা আসায় তদারকি জোরদার করা হয়েছে। অনেক ক্ষেত্রে নিরাপত্তা পিন পরিবর্তন করা হয়েছে। আবার বড় অঙ্কের অনলাইন লেনদেনে পৃথক তদারকিও করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরিতেও (হ্যাকিং) উত্তর কোরিয়ার একটি চক্র জড়িত ছিল বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্তে বেরিয়ে এসেছিল।

চক্রটি ম্যালওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কম্পিউটারের নিয়ন্ত্রণ নেয়। এরপরই ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।