ঢাকা-নওগাঁয় উপনির্বাচন

অংশগ্রহণ নিয়ে বিএনপির সংসদীয় কমিটির বৈঠক আজ

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার বিএনপির সংসদীয় কমিটির সদস্যরা বৈঠক করবেন। বিকেলে সংসদীয় কমিটির সদস্যরা নিজ নিজ বাসভবন থেকে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করবেন। লন্ডন থেকে বৈঠকে যোগ দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন নওগাঁ-৫ আসনের (আত্রাই-রানীনগর) বিএনপির মনোনয়নপ্রত্যাশী আনোয়ার হোসেন বুলু।

বুলু বলেন, ‘দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করার জন্য আমি ঢাকায় অবস্থান করছি। তাছাড়া সাক্ষাৎকারেও অংশ নেব। দল মনোনয়ন দিলে এলাকায় ফিরে যাব।’

৩০ ডিসেম্বর ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন নবী উল্লাহ নবী। গতকাল তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দলের জ্যেষ্ঠ নেতাদের মাধ্যমে জানতে পেরেছি আগামীকাল শনিবার দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপনির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৭ অক্টোবর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোটের তারিখ ঠিক করেছে। ইতিপূর্বে পাবনা-৪ আসনের তফসিল ঘোষণা করেছে ইসি। বিএনপি এ আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছে। ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা সহসভাপতি নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।