সড়কে প্রাণ গেল ৬ জনের

ঢাকার নবাবগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা-নিশিকান্দা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। এদিন নেত্রকোনার কেন্দুয়ায় হ্যান্ডট্রলির সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেলচালক এবং ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হন। এ ছাড়া মাদারীপুরের রাজৈরে বাস খাদে পড়ে এক যুবকের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর  দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে এন মল্লিক পরিবহনের একটি বাস বান্দুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সিএনজিতে দুজন যাত্রী নিয়ে চালক বান্দুরার দিকে আসছিলেন। নিশিকান্দা সেতুর ঢালে এলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক (৩৮) ও আরোহী যুবক (৩৬) নিহত হন। আহত নারী যাত্রীকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা নাজমুল।

নেত্রকোনা : কেন্দুয়া উপজেলায় আশুজিয়া বাজারের কাছে গতকাল দুপুরে হ্যান্ডট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক লিটন চন্দ্র দে (৩৮) নিহত হন। উপজেলার নোয়াপাড়া পাকা ঘাট এলাকার রতন চন্দ্র দের ছেলে লিটন ওষুধ ব্যবসায়ী ছিলেন।

এদিকে একই উপজেলার রামনগর এলাকায় গতকাল সন্ধ্যার দিকে ইজিবাইকের ধাক্কায় জুবেদা খাতুন (৭০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন। জুবেদা ইউনিয়নের হাসুয়ারী গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, জুবেদা বাড়ি থেকে হেঁটে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার পথে পেছন দিক থেকে একটি ইজিবাইক সজোরে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই চালক ইজিবাইকটি রেখে পালিয়ে যান। সন্তানদের অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।

মাদারীপুর : রাজৈরে দ্রুতগামী একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অজ্ঞাতনামা (৩২) এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, উপজেলার কালীবাড়ি নামক স্থানে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় অজ্ঞাত ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন বাসের ১৫ যাত্রী। মারাত্মক আহত হনুফা বেগম (৩০), তার মেয়ে তানিয়া আক্তার (১০), সুমন শেখ (৩০), তাপস পাল (৩০), তপন কর্মকারকে (৫৮) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশের বাড়ি বরিশাল।