ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্রীর মাকে জুতা দিয়ে পেটানোর ঘটনায় বখাটে ইমনকে (৩০) আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার গেইট এলাকার একটি স’মিল থেকে আটক করে সদর থানা পুলিশ।
তিনি দক্ষিণ পৈরতলা এলাকার দুলু মিয়ার ছেলে।
শনিবার দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় ছাত্রীর মাকে জুতাপেটার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
স্কুলছাত্রীর পরিবার ও স্কুল সূত্রে জানা যায়, জেলা শহরে ৮ম শ্রেণিতে পড়াশোনা করে ওই ছাত্রী। বাসা থেকে স্কুলে আসা-যাওয়ার সময় তাকে প্রায় সময় উত্ত্যক্ত করত একই ইমন(৩০)। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর পরিবার প্রতিবাদ করলে তাদের নানানভাবে হুমকি প্রদান করেছে।
আরো জানা যায়, ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি স্থানীয় পৌর কাউন্সিলরকে অভিযোগ জানাতে বলেন। পৌর কাউন্সিলরকে জানালেও তিনি তেমন কোনো ব্যবস্থা নেননি। পরবর্তীতে ওই স্কুলছাত্রীর পরিবার তাদের ভাড়া বাসা বদল করে ফেলে। তারপরও ওই বখাটে তার বাসার সামনে এসে বসে থাকে। শনিবার দুপুরে ওই স্কুলছাত্রীর মা তাদের পুরোনো বাসা এলাকার একটি দোকান থেকে মালামাল আনতে যান। এ সময় বখাটে ইমন ওই তাকে পথিমধ্যে পেয়ে পায়ের জুতা খুলে মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে স্কুলছাত্রীর মাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওই ছাত্রীর স্কুলের প্রধান শিক্ষক বলেন, প্রায় এক মাস আগে ওই বখাটের ইভটিজিংয়ের ঘটনাটি আমাদের অবহিত করে ছাত্রীর পরিবার। আমি স্থানীয় কাউন্সিলরকে জানাতে বলি। তার মায়ের ওপর হামলার ঘটনা জঘন্য।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন,আমরা অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে বখাটে ইমনকে আটক করি। তার বিরুদ্ধে আইনি সব ব্যবস্থাই নেয়া হবে।