সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব

ইউএনওর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় (হামলা) ইতিমধ্যে দু-একজন ধরা পড়েছে আপনারা জানেন। রাষ্ট্র ব্যবস্থায় অনেক সময় অনাকাক্সিক্ষত দুর্ঘটনা হয়ে থাকে। এগুলো আমাদের জীবনেও ঘটে। সবকিছুর ওপর তো আমাদের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু আমাদের কাজ হলো এগুলোকে অর্ডারে আনা।’

ইউএনওর স্বাস্থ্যের বিষয়ে তিনি বলেন, ‘এখন অনেকটা ইম্প্র“ভ। এটা অনেক ক্রিটিক্যাল একটা ইনজুরি। ডাক্তাররা চেষ্টা করছেন তার কন্ডিশন আরও ভালো করতে। আজ সকালেও প্রধানমন্ত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন এর জন্য যা কিছু করার, তা করতে।’