সিরাজগঞ্জের ৯ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তার জন্য তাদের বাসভবনে চার সদস্য বিশিষ্ট সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে জেলার প্রতিটি উপজেলায় দায়িত্বপালন শুরু করেছেন।
উপজেলাগুলো হল- শাহজাদপুর, উল্লাপাড়া, কাজীপুর, রায়গঞ্জ,তাড়াশ, বেলকুচি, চৌহালী, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর।
এ বিষয়ে আনসার বাহিনীর সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, রেঞ্জ কর্মকর্তার নির্দেশে জেলার ৯ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তার জন্য তাদের বাসভবনে চারজন করে মোট ৩৬জন আনসার বাহিনীর সদস্য নিযুক্ত করা হয়েছে। তারা গত শুক্রবার দুপুর থেকে তাদের দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন একজন পিসি/এপিসি সহ চারজন সদস্য। তারা সবাই সশস্ত্র থাকবেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, গত শুক্রবার দুপুর থেকে সশস্ত্র আনসার সদস্যরা আমার বাসভবনে নিরাপত্তায় ৩ শিফটে ডিউটি পালন করেছেন। এতে আমি স্বস্তি বোধ করছি। তারা এ সংক্রান্ত কাগজপত্রও আমাকে দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জাল হোসেন বলেন, বর্তমানে চারজন করে আনসার বাহিনীর সদস্যর দায়িত্ব পালন করছেন। নির্দেশনা মোতাবেক প্রয়োজনে পর্যায়ক্রমে আনসার বাহিনীর এ সদস্য সংখ্যা বাড়ানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের বাসায় সন্ত্রাসীরা হামলা চালায়। এ হামলায় গুরুতর আহত ওই ইউএনওকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সিরাজগঞ্জের ৯ উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নিরাপত্তার জন্য তাদের বাসভবনে আনসার বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।