সোনারগাঁয়ের বারদীতে এক এনজিও কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের মিশ্রীপাড়া এলাকায় রিকশা চালক হান্নানের ঘরে এ ঘটনা ঘটে।
সাজেদুর ইসলাম (৩৬) ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিওর ফিল্ড অফিসার হিসেবে বারদীতে কর্মরত ছিলেন। নিহত সাজেদুর টাঙ্গাইল জেলার মগড়া ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।
ব্যুরো বাংলাদেশ বারদী শাখার ক্যাশিয়ার কামাল উদ্দিন জানান, ফিল্ড অফিসার সাজেদুর সকালে প্রথম দফায় কিস্তির টাকা সংগ্রহ করে স্থানীয় অফিসে জমা দিয়ে দুপুরে দ্বিতীয় দফায় কিস্তির টাকা সংগ্রহের জন্য বের হন। তিনি যে বাড়িতে খুন হয়েছেন সেটি ছিল একটি কিস্তি আদায়ের সেন্টার । হান্নানের স্ত্রী শারমিন ব্যুরো বাংলাদেশ থেকে ৫০হাজার টাকা ঋণ নিয়ে ছিল। তার কাছ থেকে আরও ২১ হাজার টাকা পাওনা আছে ব্যুরো বাংলাদেশ।
বারদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু দাইয়ান জানান, খুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই মিশ্রীপাড়া এলাকার সামসুদ্দিনের ছেলে কামালের ঘরের খাটের উপর এনজিও কর্মীর গলা টাকা লাশ পড়ে আছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এনজিও কর্মীকে গলা কেটে হত্যার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কিস্তির টাকা আদায় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিভিন্ন দিক মাথায় রেখে পুলিশ তদন্ত করছে। ঘটনার পর পরই ওই বাড়ির সবাই পালিয়ে গেছে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য জেলা মর্গে প্রেরণ করেছে।