করোনার নমুনা দিলেন মেসি, বার্সার ট্রেনিংয়ে যাওয়ার প্রস্তুতি

সব ঠিক থাকলে সোমবার থেকেই বার্সেলোনার অনুশীলনে যোগ দেবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এরই মধ্যে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন তিনি। ফল নেগেটিভ এলেই রোনাল্ড কোম্যানের অধীনে প্রথমবার অনুশীলনে যোগ দেওয়ার কথা তার।

বার্সেলোনার প্রাক মৌসুম প্রস্তুতি শুরু হয়েছে আগেই। তবে লিওনেল মেসি ক্লাব ছাড়তে চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সেই অনুশীলনে যোগ দেননি। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত বদলেছেন। এখন প্রস্তুতি নিচ্ছেন অনুশীলনের।

বার্সেলোনার মেডিকেল টিম মেসির ক্যাসেলডেফেলসের বাসায় যান এবং ৩৩ বছর বয়সী তারকার করোনা নমুনা নিয়ে আসেন। এই পরীক্ষার ফলই নির্ধারণ করে দেবে মেসি সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারবে কিনা।

গত ২৫ আগস্ট মেসি জানান, তিনি বার্সেলোনা ছাড়তে চান। ১১ দিন পর তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন। মেসির বার্সেলোনা ছাড়ার প্রক্রিয়া আসলে কঠিন ছিল। তাই শুক্রবার মেসি জানান, অন্তত আরো এক মৌসুম বার্সেলোনাতেই থাকছেন তিনি। তার সঙ্গে ক্লাবের চুক্তি ২০২১ সাল পর্যন্ত।

কাতালান ক্লাবটি আগামী শনিবার প্রথম প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে তৃতীয় বিভাগের দল নাসতিচের বিপক্ষে। তবে ফিটনেস ঘাটতির কারণে মেসির সেই ম্যাচে না খেলার সম্ভাবনাই বেশি।

মেসি বার্সায় থেকে গেলেও সেটা যে নিজের ইচ্ছের বিরুদ্ধে সেটা একরকম পরিষ্কার। তবে মেসি ক্লাব ও ভক্তদের নিশ্চিত করেছেন যে, তিনি আগেও যেমন পেশাদার ছিলেন, তেমনই থাকবেন।