দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় ৮ বছর পূর্বে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ব্যক্তি হত্যা সামলায় একজনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন বিচারক। এ ছাড়া মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে মামলাতে খালাস প্রদান করেছে বিচারক।
রবিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আনোয়ারুল হক এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার মুর্শিদহাট গরুহাটি এলাকার মৃত আফিজুল টিকরীর ছেলে আক্কাছ আলী ওরফে আলতু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২ আসামি হলেন উপজেলার ধনতলা দফাদারপাড়ার মৃত নেফাজ উদ্দীনের ছেলে মো. রিয়াজুল ইসলাম ওরফে মশা ও মুর্শিদহাট হাজীপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন জানান, নিহত ও আটক আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ২০১২ সালের ১৪ জুলাই বোঁচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট এলাকার আব্দুর রহমানের ছেলে মশিউর রহমান জেন্টেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরদিন নিহতের পিতা আব্দুর রহমান বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে বোঁচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিচার চলাকালীন সময়ে মামলার ১আসামি মারা যান।
রবিবার বিচারক সাক্ষ্য প্রমাণ শেষে ১ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন। অপরদিকে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার রেজাউল ইসলাম, মো. রুবেল ও রুমানা আক্তারকে বেকসুর খালাস প্রদান করে।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মেহেরুল ইসলাম ও বাদী পক্ষের আইনজীবী ছিলেন ইমামুল হক।