শ্রমিক তহবিলে ৯ কোটি ১৬ লাখ টাকা দিল বিএটি বাংলাদেশ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রায় ৯ কোটি ১৬ লাখ টাকা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন প্রবর্তনের পর থেকেই বিএটি বাংলাদেশ এ তহবিলে নিয়মিতভাবে টাকা দিয়ে আসছে। গত ১০ বছরে এ তহবিলে এখন পর্যন্ত সর্বমোট ৫৮ কোটি ১৫ লাখ ৪১ হাজার ১৭০ টাকা প্রদান করেছে বিএটি বাংলাদেশ।

গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে বিএটি বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিম, বাহ্যিকবিষয়ক প্রধান শেখ শাবাব আহমেদ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা আদ্রিতা দত্ত এবং আখতার আনোয়ার খান এ চার সদস্যের প্রতিনিধি দলের পক্ষ থেকে চেক হস্তান্তর করা হয়। এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব কেএম আবদুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোল্লা জালাল উদ্দিন এনডিসিসহ অন্য কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠনের পর থেকে একটি সচেতন ও দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে বিএটি বাংলাদেশ তাদের লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এ তহবিলে নিয়মিতভাবে জমা দিয়ে আসছে। এখন পর্যন্ত তহবিলে জমা হওয়া অনুদানের প্রায় ১৫ শতাংশ অর্থ এককভাবে প্রদান করেছে বিএটি বাংলাদেশ।

শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সহযোগিতার জন্য ‘শ্রমিক কল্যাণ তহবিল’ গঠন সরকারের একটি অভাবনীয় উদ্যোগ। দুর্ঘটনা থেকে শুরু করে যেকোনো বড় বিপদে শ্রমিক এবং তার স্বজনদের পাশে থাকার একটি প্রতিশ্রুতি দিচ্ছে এ তহবিল, যা শ্রমিকের কর্মজীবন এবং পারিবারিক জীবনে একটি স্বস্তির প্রভাব ফেলছে। বিএটি বাংলাদেশ প্রথম থেকেই এ উদ্যোগের সঙ্গে থেকে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে।