এখনকার বেশিরভাগ গল্প পছন্দ হয় না

মঞ্চ ও টেলিভিশনের তুখোড় অভিনেত্রী সানজিদা প্রীতি। আলাদা বৈশিষ্ট্যে উজ্জ্বল এই তারকা। এখন বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

অল্প কাজ...

অভিনয়টা আমার পেশা। অন্য কোনো কাজ করে জীবিকা নির্বাহ করি না। কিন্তু শিল্পচর্চা বা নিজস্ব রুচিবোধের জায়গা থেকে কাজের ব্যাপারে যে ধরনের মান তৈরি হয়েছে তা আজকাল পাই না। এখনকার বেশিরভাগ নাটকের গল্পই আমার পছন্দ হয় না। এজন্য শুধু অর্থের জন্য গড়পড়তা কাজ করতে পারি না। অল্প কিছু কাজের প্রস্তাব আসে যেগুলো তুলনামূলক ভালো, সেগুলোই করি।

ব্যস্ততা...

অনেকদিন পর বেশকিছু ভালো কাজ নিয়ে ব্যস্ত আমি। কদিন আগেই তরুণ প্রজন্মের পরিচালক সৈয়দ আহমেদ শাওকির একটি ওয়েব সিরিজ করলাম। এর নাম এখনো ঠিক হয়নি। প্রচার হবে কলকাতার জনপ্রিয় স্ট্রিমিং সাইট হইচই-তে। এখানে আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। আমার সহশিল্পী চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, মনোজ প্রামানিকের মতো জনপ্রিয় তারকারা। কাজটি ভালো হয়েছে। এখনই এ নিয়ে বেশি কিছু বলতে পারছি না। এনটিভিতে প্রচার হচ্ছে হৃদি হকের পরিচালনায় ‘রূপ’ নামের একটি ধারাবাহিক নাটক।

মিমির ধারাবাহিকে...

আফসানা মিমি আমার ভীষণ পছন্দের মানুষ। চার বছর আগে তার পরিচালনায় ‘সাতটি তারার তিমির’ ধারাবাহিকটি করেছিলাম। দর্শক এখনো সেটি মনে রেখেছে। এরপর তিনি আর কোনো ধারাবাহিক করেননি। এবার বিটিভির জন্য তিনি নির্মাণ করছেন নামের একটি ধারাবাহিক। শওকত আলী উপন্যাস ‘দক্ষিণায়নের দিন’ অবলম্বনে ধারাবাহিক নির্মিত হবে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে আমাকে দেখা যাবে। এই চরিত্রটিকে কেন্দ্র করে পুরো গল্প আবর্তিত হয়েছে। চরিত্রটির নাম রাখি, সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। খুব বেশি উচ্চাকাক্সক্ষা নেই, কিন্তু নীতিবোধ নিয়ে বাঁচতে চায়। শুরু হবে আমার ছাত্রজীবন নিয়ে, পরে চাকরিজীবন, তা ছেড়ে দিয়ে মফস্বলে শিক্ষকতা করা- অনেক বাঁক আছে চরিত্রটির। আমার সহশিল্পী আনিসুর রহমান মিলন ও এফ এস নাঈম। চরিত্রটির প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাচ্ছি না। ২০০২-৩ সালে প্রথম উপন্যাসটি পড়েছিলাম। এখন যেহেতু অভিনয় করব, তাই আবার পড়লাম। মিমি আপার সঙ্গে কয়েকবার এটা নিয়ে কথা বলব, লুক টেস্ট হবে। এ মাসেই শ্যুটিং শুরু হবে। আশা করছি কাজটি দর্শক পছন্দ করবেন।

থিয়েটার...

করোনার জন্য আমরা অনেকদিন থিয়েটার চর্চা থেকে বিরত ছিলাম। কিন্তু এখন আবার শুরু করেছি সীমিতভাবে। আমাদের দল প্রাচ্যনাটের মহড়া কক্ষেই এক মাস ধরে আটটি নাটকের দুটি করে শো হবে। দর্শক থাকবেন সীমিত। এ নাটকগুলোতে কাজও করেছেন দুই তিনটি চরিত্র। যেহেতু বড় হলে শো করতে পারছি না, চর্চা চালিয়ে যাওয়ার জন্য এটাই বিকল্প পন্থা।