নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শুক্রবার রাতে শহরের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। এ ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত এক শিশুসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। অজ্ঞাতদের আসামি করা হলেও তদন্তের রিপোর্টে যারা দোষী হবে তারাই এ মামলার আসামি হবে। তাদের এ মামলায় আইনের আওতায় আনা হবে। বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় তিতাস, বিদ্যুৎ ও মসজিদ কমিটির অবহেলা রয়েছে কি না তা খতিয়ে দেখবে ঘটনায় গঠিত তদন্ত কমিটি। যাদের অবহেলায় ভয়াবহ এ ঘটনা ঘটেছে তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনায় পৃথক একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ বিভাগ, তিতাস গ্যাস ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আলাদাভাবে এসব কমিটি গঠন করে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা তাহেরী ববিকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।