পৌনে ১৭ কোটি টাকা আত্মসাতের মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম কমিশনের অনুমোদনের পর সাতক্ষীরার আদালতে এ চার্জশিট দাখিল করেন। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন- সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক মো. আনোয়ার হোসেন ও এ কে এম ফজলুল হক, দুদকের কালোতালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী মো. জাহের উদ্দিন সরকার, রাজধানীর নয়াপল্টনের মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আবদুর ছাত্তার সরকার (জাহেরের বাবা) ও মো. আহসান হাবিব (জাহেরের ছেলে), পুরানা পল্টনের ইউনিভার্সেল ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মো. আশাদুর রহমান, মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার (প্রশাসন ও অপারেশন) কাজী আবু বকর সিদ্দীক এবং মহাখালী নিমিউ অ্যান্ড টিসি’র সহকারী প্রকৌশলী (বর্তমানে অবসর) এ এইচ এম আবদুল কুদ্দুস।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশে পরস্পর যোগসাজশে বিশ্বাসভঙ্গ করে প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয়ে ক্ষমতার অপব্যবহার করেন। তারা চিকিৎসা সংক্রান্ত মালামাল ক্রয় ও সরবরাহের নামে ৩টি বিলের বিপরীতে ১৬ কোটি ৭১ লাখ ৩২ হাজার ২২২ টাকার ৩টি চেক সাতক্ষীরা হিসাবরক্ষণ অফিস থেকে গ্রহণ ও উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ২০১৯ সালের ৯ জুলাই দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক বর্তমানে সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন আসামিদের বিরুদ্ধে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন।