বর্তমান অনির্বাচিত সরকার দেশের অর্থনীতিকে টেনে রসাতলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের অর্থমন্ত্রী হিসেবে প্রয়াত এম সাইফুর রহমান দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। গতকাল রবিবার সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আজকে বাংলাদেশের অর্থনীতি একদম নিচের দিকে যাচ্ছে, মানে ডাউন ওয়ার্ডস। আমি ছোট একটা ঘটনা বলতে চাই, আওয়ামী লীগের আমল বাকশালের আগে আগেই, যখন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি। সেই সময়ে বাংলাদেশের অর্থনীতি সমিতির চেয়ারম্যান ছিলেন ড. মোজাহেরুল হক। তিনি প্রধান অতিথি শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে বলেছিলেন যে, বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। আজকে আবার এই কথা বলতে হয়।’
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের লক্ষ্য একটাই যে, টাকাও বানাও, দুর্নীতি কর, মেগা প্রজেক্ট কর, মেগা লুট কর। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, শেয়ার মার্কেট, ব্যাংকগুলোতে বড় বড় দুর্নীতির ঘটনা ঘটেছে। কিন্তু এ জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক যুবদল নেতা কাইয়ুম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুর রহমানের ছেলে সাবেক সাংসদ এম নাসের রহমান প্রমুখ।
মীমাংসিত বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে : গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের ব্যাংক হিসাব জব্দ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব। তিনি বলেছেন, বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য নানা চক্রান্তের জাল বুনে যাচ্ছে। সরকারের চক্রান্ত হচ্ছে গণতন্ত্র, বিরোধী দল ও মতের প্রতি। নানা কায়দায় সরকারি জুলুমের আঘাত হানা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর। এখন শুরু হয়েছে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অন্যায়ভাবে দায়ের করা নিষ্পত্তিকৃত মামলাকে নতুনভাবে সাজিয়ে হেনস্তা করা।