দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎস্পৃষ্টে জয়ন্ত মিস্ত্রি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটিকে ছাড়াতে গিয়ে তার বোন স্বর্ণা রাণী্ও (১৭) তড়িতাহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন মতিলাল মিস্ত্রির গ্যারেজে এ হতাহতের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিলাল মিস্ত্রির বাড়ির সামনে নিজেদের অটো-রিকশার গ্যারেজে প্রতিদিনের মতো শিশু জয়ন্ত মিস্ত্রি (১০) এটা-ওটা নাড়াচাড়া করার সময় অটো-রিকশার চার্জারের সঙ্গে ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তড়িতাহত হয়। এ সময় জয়ন্তকে ছাড়াতে গিয়ে তার বড় বোন স্বর্ণা রাণীও (১৭) তড়িতাহত হন। অজ্ঞান অবস্থায় উদ্ধার করে আহতদের উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা জয়ন্তর মৃত ঘোষণা করেন।

আহত স্বর্ণাকে দুমকি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলা ১২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মৃত জয়ন্ত মতিলাল মিস্ত্রির একমাত্র ছেলে ও অহত স্বর্ণা তার (মতিলাল) ছোট মেয়ে বলে জানা গেছে। এ হতাহতের ঘটনায় মতিলাল মিস্ত্রির পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।