কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় রাসেল (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সঙ্গী মোটরসাইকেল আরোহী রুবেল (২২)। সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার হোসেনাবাদ মাঠের মধ্যে ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রুবেল একই গ্রামের মুসা করিমের ছেলে। গুরুতর আহত রুবেলকে উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি নিশিকান্ত সরকার জানান, রাসেল ও তার বন্ধু রুবেল মোটরসাইকেল যোগে মথুরাপুর থেকে হোসেনাবাদ যাওয়ার পথে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ মাঠের মধ্যে ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক রাসেল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং রুবেল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাসেলের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।