সাভারে আশুলিয়ায় ১১’শ শ্রমিকের ৮ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিইপিজেডের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।
সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন প্রায় পাঁচ শতাধিক শ্রমিক।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেডের) এ ওয়ান বিডি লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ১১’শ শ্রমিকের ৮ মাসের বকেয়া বেতন-ভাতা নিয়ে তালবাহানা করছে। এমতাবস্থায় করোনার প্রাদুর্ভাবের সময় অর্থসংকটে নানা মানবেতর দিন পার করছেন শ্রমিকেরা।
ডিইপিজেড ও বেপজা কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ১৭ বার শ্রমিকদের পাওনা পরিশোধের কথা থাকলেও তা হয়নি। পরে বাধ্য হয়ে বিভিন্ন সময় শ্রমিকেরা আন্দোলন করলেও সুরাহা মেলেনি, উল্টো শ্রমিক ছাঁটাই করে কর্তৃপক্ষ।
এমন অবস্থায় বকেয়া পাওনা ও চাকরি ফিরে পেতে শ্রমিকেরা অবস্থান কর্মসূচি পালন করছেন বলেও জানান বক্তারা।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তসলিমা আক্তার লিমা ও বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।