বগুড়ায় মাটি খুঁড়ে মিলল নিখোঁজ কলেজছাত্রের লাশ

বগুড়ার কাহালুতে মাটি খুঁড়ে আরমান হোসেন আন্না (১৯) নামে নিখোঁজ এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ডুমুর গ্রামের একটি পুকুর পাড়ের মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।

ডুমুর গ্রামের আজিজার রহমানের ছেলে আন্না গাইবান্ধা সরকারি কৃষি কলেজের সপ্তম সেমিস্টারে পড়তেন। এ ঘটনায় পুলিশ ওই পুকুরের ইজারাদার ওবায়দুর (৩০) ও পাহারাদার সুজনকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয়রা জানায়, গত রবিবার রাত ৮টা পর্যন্ত স্থানীয় একটি চা দোকানে আন্নাকে গল্প করতে দেখেন পরিবারের সদস্যরা। রাতে বাড়ি না ফেরায় সোমবার ভোরে তাকে খুঁজতে থাকেন তারা। এ সময় চা দোকানিসহ অন্যরা জানান, রাতে ওই পুকুরের (যেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে) পাহারাদার সুজনের সঙ্গে দেখা করার কথা ছিল। ইটের দেয়ালঘেরা ওই পুকুর পাড়ে গিয়ে মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় তাদের। পরে তারা মাটি খুঁড়ে আন্নার লাশ পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, শ্বাসরোধ করে আন্নাকে হত্যার পর মাটিতে লাশ পুঁতে রাখা হয়েছে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আন্নার বাবা হত্যা মামলা করেছেন বলেও জানান তিনি।