বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এভাবে চলতে থাকলে আপনারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। গতকাল সোমবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, সরকার নাকি অর্থনীতি ধ্বংস করছে। বিশ্বব্যাপী বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতির রোল মডেল হিসেবে স্বীকৃত। অর্থনীতির যে সক্ষমতা এবং চলকসমূহের যে ইতিবাচক ধারা তা দেখেও বিএনপি নেতারা মিথ্যাচার করছেন। করোনায় বিশ্ব অর্থনীতির স্থবিরতার মাঝেও অতিসম্প্রতি রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি করে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ। দেশের অর্থনীতি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এখন শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত।’
তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, রাজনীতিতে অশান্তির বিষবাষ্প আপনারাই ছড়িয়েছেন। সন্ত্রাস, ষড়যন্ত্র আর হত্যার রাজনীতির পেটেন্ট আপনারাই। শেখ হাসিনা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী নন। আপনারাই বিভেদের রাজনীতির ধারক ও বাহক। সম্প্রীতির বাংলাদেশের মূলে আপনারাই বারবার কুঠারাঘাত করেছেন। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশকে ছোট করছেন। নেতিবাচক রাজনীতি ও মিথ্যাচার আপনাদের আগের চেয়ে জনবিচ্ছিন্ন করে তুলছে এবং এভাবে চলতে থাকলে আপনারা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শতকরা ৮ শতাংশের ওপর প্রবৃদ্ধি বিএনপি কখনো নিজেদের আমলে ভাবতে পেরেছিল? ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন এবং বাস্তবায়ন কি দুর্বল অর্থনীতির পরিচয় বহন করে? মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৬৪ ডলার। অর্থনীতি এবং সামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য বিএনপি দেখতে পায় না। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান বৃদ্ধি, আমদানি নির্ভরতার বিপরীতে রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা অর্জন, শিল্পের বিকাশসহ প্রতিটি সূচকে ইতিবাচক অর্জনে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ আজ শক্তিশালী অবস্থানে।’
তিনি বলেন, ‘পাকিস্তান থেকে আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে রয়েছে বলে তারা তাদের পার্লামেন্টে বাংলাদেশের প্রশংসা করছে। যারা এ দেশের মুক্তির পথে বাধা ছিল, তারাও যখন বাংলাদেশের অর্থনীতি ও সমৃদ্ধির অগ্রযাত্রায় প্রশংসায় পঞ্চমুখ তখনো বিএনপি অর্থনীতির ভঙ্গুরতা দেখে। তাদের রাজনীতি এখনো নেতিবাচকতার আবর্তে ঘুরপাক খাচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘করোনার সংক্রমণ দেশজুড়ে কমে এসেছে এ কথা এখনো বলা যাচ্ছে না স্পষ্ট করে। এর মাঝে গতকাল গবেষকরা জানিয়েছেন, বাংলাদেশে এ ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় ৭ শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩ শতাংশ। এ ছাড়া অনেক দেশে করোনার সংক্রমণে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। আমি দেশবাসীকে সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ করছি। যেকোনো সময় এ সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে। তাই সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’