গতকাল সোমবার দৈনিক দেশ রূপান্তরের শেষের পাতায় প্রকাশিত ‘শিবলী ও সাহানশাহকে জেরা করলেই রহস্যভেদ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। ‘এমপি প্যাডে’ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘আমাকে জড়িয়ে যে সংবাদটি ছাপা হয়েছে তা মিথ্যা। ঘোড়াঘাটে ইউএনওর ওপর হামলার বিষয়ে কোনোভাবেই আমি জড়িত নই।’
প্রতিবাদলিপিতে এমপি দাবি করেন বিষয়টি আরও ভালোভাবে পর্যালোচনা করা উচিত ছিল। তিনি আরও বলেন, ‘প্রতিবেদনটিতে আমার ইমেজ নষ্ট হয়েছে। আশা করছি পরবর্তী সময়ে আরও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।’
প্রতিবেদকের বক্তব্য : দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে ঘোড়াঘাটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যমতে দেশ রূপান্তর গত শনি, রবি ও সোমবার প্রতিবেদন প্রকাশ করে। স্থানীয়দের কাছ থেকে ঘটনার পেছনের তথ্য তুলে আনা ও তা প্রকাশ করাই ছিল পত্রিকার উদ্দেশ্য। বিভিন্ন সময়ে সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলোই প্রতিবেদনে তুলে আনা হয়েছে। স্থানীয় এমপি প্রতিবেদনের বিশেষ কোনো অংশ নিয়ে প্রতিবাদ না করে ঢালাওভাবে মিথ্যা দাবি করেছেন এবং তার সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন। তথ্যগুলো বস্তুনিষ্ঠ করতে প্রতিবেদন প্রকাশের আগে এমপির ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হয়। কিন্তু ফোন না ধরে প্রতিবেদনটি পর্যালোচনা ও বস্তুনিষ্ঠ করার যে দাবি এমপি করেছেন তা কতখানি যৌক্তিক সে প্রশ্ন থেকেই যায়।