রাজশাহীর চারঘাটে নিজ ঘর থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় রেহেনা বেগম (৬০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার অনুপমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, রেহেনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি ওই গ্রামের বেলাল হোসেনের (৭৫) স্ত্রী। এছাড়া গত সোমবার রাতে মাদারীপুর সদরে একটি জমি থেকে আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তার স্বজনরা।
চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু জানান, সোমবার রাতে খাবার শেষে নিজেদের শয়নকক্ষে ঘুমাতে যান বেলাল ও তার স্ত্রী রেহেনা। মঙ্গলবার সকালে বেলাল চিৎকার দিয়ে বলেন কে বা কারা তার স্ত্রীকে মেরে ফেলেছে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে খাটের ওপর হাত-পা-মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে রেহেনাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য বেলালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে মাদারীপুরের ঘটনায় স্থানীয়রা জানায়, সোমবার রাতে সদর উপজেলার পূর্ব গাছবাড়িয়া এলাকায় নিজ বাড়ির পেছনে একটি ধানের জমিতে ঝুঁপি নিয়ে মাছ ধরতে যান আইয়ুব আলী। দীর্ঘ সময় পরও ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের লোকজন। একপর্যায়ে জলাশয়ে আইয়ুব আলীর লাশ খুঁজে পায় তারা। মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।