প্রাণের ক্লাব বার্সেলোনাকে ছেড়ে যাওয়া নিয়ে ঝক্কিকে পেছনে ফেলে টানা দুদিন অনুশীলন করলেন লিওনেস মেসি। সান হোয়ান দেসপিতে বার্সার ট্রেনিং সেন্টারে তার অনুশীলন দেখতে ভক্তরা ভিড় করে তাকে দেখতে। প্রথম দিন মেসির সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন স্যামুয়েল উমতিতি, আর্তুরো ভিদাল এবং লুইস সুয়ারেজ। বার্সেলোনার নতুন কোচ হওয়ার পর রোনাল্ড কোম্যান এ কজনকে বাদ দিতে চেয়েছিলেন। মেসিকে কড়া কথা শুনিয়েছিলেন। সঙ্গে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের হার তো ছিলই। পরিস্থিতি এমনই উত্তপ্ত হয়ে ওঠে যে ২৫ আগস্ট মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন। এরপর দুই সপ্তার টানাপড়েন শেষে গত শুক্রবার সিদ্ধান্ত বদলে ক্যাম্প ন্যুতেই থাকার কথা জানান মেসি। সাক্ষাৎকারে বলেন, ‘বার্সেলোনার বিরুদ্ধে আদালতে যাওয়া সম্ভব নয়। এই ক্লাব আমাকে সব কিছু দিয়েছে। বার্সেলোনাকে আমি ভালোবাসি।’ এই মন্তব্যের দুই দিন পর নতুন ম্যানেজার রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলন করেন তিনি।
নতুন মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছে বার্সেলোনা দল। লা লিগায় তাদের প্রথম ম্যাচ ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে। তার আগে ১২ সেপ্টেম্বর জিমন্যাস্টিকের সঙ্গে প্রস্তুতি ম্যাচ আছে, তবে মেসি সে ম্যাচে খেলবেন না। তবে ১৬ সেপ্টেম্বর জিরোনার বিপক্ষে খেলতে পারেন।