দ্রুত কর্মস্থলে ফিরে যেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে এসে আটকেপড়া প্রবাসীরা। এ ব্যাপারে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪ দফা দাবিতে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, অনেকেই মালয়েশিয়া থেকে গত আট-নয় মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন। কিন্তু বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে মালয়েশিয়া যেতে পারছেন না। অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে।
বক্তারা আরও বলেন, অত্যন্ত দুঃখের বিষয় প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা বা ঋণের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মীদের কাছ থেকে আমরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছি না। যদিও প্রধানমন্ত্রী বলেছেন সহজ শর্তে ঋণ দেওয়ার কথা, কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক কর্মকর্তারা, দেশের ব্যাংক কর্র্তৃপক্ষ আমাদের ওপর কঠিন শর্ত আরোপ করেছেন। এর মাঝে নিজের নামের থাকার জায়গার মূল দলিল, সরকারি চাকরিজীবীর ব্যাংকের চেকের পাতাসহ বিভিন্ন ডকুমেন্টসহ খুব কঠিন শর্ত আরোপ করেছেন।
এমন পরিস্থিতিতে দীর্ঘদিন বেকার অবস্থায় দেশে অবস্থান করার কারণে আমরা পরিবার-পরিজন নিয়ে দিশেহারা হয়ে, খেয়ে না খেয়ে অনাহারে মানবেতর জীবন যাপন করছি। তাই আমরা সরকারের কাছে কিছু দাবি উপস্থাপন করছি। মালয়েশিয়া সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা করে দ্রুত আমাদের ফিরে যাওয়ার ব্যবস্থা করা হোক। যতদিন না যেতে পারি মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে আমাদের ভিসার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা করা হোক।