মসজিদে বিস্ফোরণ

ক্ষতিগ্রস্তদের বিএনপির আর্থিক সহযোগিতা

নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত মুসল্লিদের ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জে গিয়ে বিএনপির একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্তদের এই সহায়তা দেয়। এ সময় দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

প্রতিনিধিদলে ছিলেন বিএনপির নারী ও শিশুবিষয়ক ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপির যুববিষয়ক সহসম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনসহ স্থানীয় নেতারা।

এ সময় নিপুণ রায় চৌধুরী বলেন, আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সমবেদনা জানাতে এসেছি। তাদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানিয়েছি। এ বিস্ফোরণে পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তারপরও আমরা আর্থিকভাবে কিছু সহায়তা করার চেষ্টা করেছি মাত্র। বিএনপি আপনাদের সুখে-দুঃখে পাশে আছে ও থাকবে। আমরা দোয়া করি যেন এ ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।

গত শুক্রবার রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরণে ২৮ জন মারা গেছেন। দগ্ধ হয়েছেন আরও অনেকে।