আশুলিয়ার জিরানী এলাকায় বিষপানে আমেনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অপরদিকে কাঠগড়া এলাকা থেকে স্মরণ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে গৃহবধূ ও কাঠগড়া এলাকার কোহিনূর সরকারের মালিকানাধীন বাড়ির ভাড়া কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমেনা বেগম (১৮) পাবনা জেলার বেড়া থানার কৈটোলা গ্রামের মাজম ফকিরের মেয়ে। তিনি আশুলিয়ার জিরানী আমতলা এলাকায় স্বামী শান্ত বেপারীর সঙ্গে থাকতেন।
এ ছাড়া নিহত স্মরণ (২০) এর গ্রামের বাড়ি যশোর জেলার কোতোয়ালি সদর থানায়। তিনি পরিবারের সঙ্গে আশুলিয়ার কাঠগড়া এলাকায় কোহিনূর সরকারের মালিকানাধীন বাড়ির কক্ষে ভাড়া থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, বিকেলে জিরানী এলাকার বাসিন্দা আমেনা নামে ওই গৃহবধূকে বিষপানরত অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা।
এরপর কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
অন্যদিকে সন্ধ্যায় আশুলিয়ার কাঠগড়া এলাকায় কোহিনূর সরকারের মালিকানাধীন বাড়ির ভাড়া দেয়া একটি কক্ষ থেকে স্মরণ নামে এক গার্মেন্টস শ্রমিক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল হক জানান, প্রাথমিকভাবে জিরানী এলাকার ওই গৃহবধূর মৃত্যুর কারণ বিষপানে হয়েছে বলে জানা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
অন্যদিকে কাঠগড়া এলাকা থেকে উদ্ধার হওয়া স্মরণ নামে ওই যুবক মানুষিক সমস্যা থেকেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ছাড়া কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।