সিনিয়র সচিব পদমর্যাদায় এসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে এসইসির চেয়ারম্যান পদে কর্মকালীন সময় পর্যন্ত সিনিয়র সচিবের পদমর্যাদা প্রদান করা হলো।

এর আগে এসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনকে সর্বপ্রথম সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়। দেশের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় এসইসির চেয়ারম্যান হিসেবে ড. খায়রুল হোসেন দায়িত্ব পালন করেন। গত ১৪ মে তার মেয়াদ শেষ হয়। এরপর গত ১৭ মে নতুন চেয়ারম্যান হিসেবে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নিয়োগ পান।

শিবলী রুবাইয়াত যোগদানের পর থেকেই পুনর্গঠিত কমিশনের বিভিন্ন উদ্যোগে দীর্ঘদিন পর চাঙ্গাভাব ফিরে আসে পুঁজিবাজারে। মাত্র তিন মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ২৪ শতাংশ বেড়ে ৪৯৭১ পয়েন্টে অবস্থান করছে। গত আগস্টে বিশ্বের সবচেয়ে পারফর্ম মার্কেট হিসেবে বিবেচিত হয়েছে বাংলাদেশের পুঁজিবাজার।