ঢাকার ধামরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির ধামরাই প্রতিনিধি সাংবাদিক জুলহাস উদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্ত্রী, ছেলেমেয়ে এবং তার পরিবারের সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও এলাকাবাসী। এ সময় এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তারের দাবিও জানান তারা।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় গাংগুটিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত সাংবাদিক জুলহাসের স্ত্রী কবিতা ইসলাম বলেন, যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে আমি এখন অনিশ্চিত ভবিষ্যতের পথে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক জুলহাস উদ্দিনের বোন রিনা আক্তার, গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কালাম উদ্দিন, গাংগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, সহ-সভাপতি আলতাব হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা।