তাকে ডাকা হয় ‘হিটম্যান’ বলে। উইকেটে থিতু হয়ে গেলে প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম হারাম করে ছাড়েন রোহিত শর্মা। আসছে আইপিএলেও বোলারদের ওপর ছড়ি ঘোরানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। অনুশীলনে তো বড় বার্তাই দিয়ে রাখলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। ছক্কা মেরে স্টেডিয়ামের বাইরের রাস্তায় চলন্ত বাসের ওপর ফেললেন ভারতীয় ওপেনার।
অবিশ্বাস্য মনে হলেও এটাই হয়েছে। আবু ধাবিতে অনুশীলনে ব্যস্ত মুম্বাই ইন্ডিয়ান্স দল। আর সেই অনুশীলনেই এমন কাণ্ড ঘটিয়েছেন দলের অধিনায়ক রোহিত।
মুম্বাই ইন্ডিয়ান্স সেই ভিডিও পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে দেখা যায় রোহিতের ৯৫ মিটারের লম্বা ছক্কা গিয়ে আঘাত করছে চলন্ত বাসে। তবে কাচ ভেঙেছে কিনা বিষয়টি ভিডিও থেকে স্পষ্ট নয়।
রোহিত বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন। সামনে স্পিনারকে পেয়ে স্টেপ আউট করে ছক্কা হাঁকান।
গতবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এবারো খেতাব ধরে রাখার লড়াইয়ে নামবে রোহিতের দল। ১৯ সেপ্টেম্বর আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।