গ্যাটকো মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ শুনানি ১৩ অক্টোবর

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের বিষয়ে শুনানির তারিখ আগামী ১৩ অক্টোবর ধার্য করেছে আদালত। গতকাল বুধবার কেরানীগঞ্জের কারা ভবনে নবনির্মিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

গতকাল মামলাটি অভিযোগ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির পরবর্তী এ তারিখ ধার্য করে।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন। সাত আসামি মারা গেছেন।