সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এনামুল হক বিজয় (২৬) হত্যা মামলার প্রধান দুই আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মোরশেদ আলম প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এরা হলেন-সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার শামীম আহমেদের ছেলে শিহাব আহমেদ জিহাদ (২৬) ও বহিষ্কৃত অপর সাংগঠনিক সম্পাদক ও ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে আল-আমিন (২৬)।
এ বিষয়ে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. মিজানুর রহমান জানান, গত ৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় বিজয় হত্যা মামলার প্রধান আসামি শিহাব আহমেদ জিহাদকে। এর তিন দিন আগে মামলার দ্বিতীয় আসামি আল-আমিনকেও গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য শিহাব আহমেদ জিহাদের বিরুদ্ধে ১০ দিন ও আল-আমিনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে দুই জনের ২ দিন করে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত ২৬ জুন প্রয়াত এমপি মোহাম্মদ নাসিমের দোয়া মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে বাজার স্টেশন এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দের হাজি কোরপ আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়। ঢাকার একটি হাসপাতালে ৯দিন লাইফ সাপোর্টে থাকার পর ৫ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. রুবেল বাদী হয়ে শিহাব আহমেদ জিহাদ ও আল-আমিনসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী সহ ১০/১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।