গাজীপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

গাজীপুরের পৃথক স্থানে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর শহীদ বরকত স্টেডিয়াম ও বিপ্রবর্তা এলাকায় ঘটনা দুটি ঘটে। এর মধ্যে স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে দুই স্কুলছাত্র এবং বিলে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়।

বজ্রপাতে মৃতরা হলো, শহরের জোড়পুকুরপাড় এলাকার আবদুল হাইয়ের ছেলে ৯ম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬), কালীগঞ্জ উপজেলার রুহুল আমিনের ছেলে ১০ম শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬) ও বিপ্রবর্তা এলাকার প্রয়াত নঈম উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৫৫)।

মিজানুরের সহপাঠীরা জানায়, শহীদ বরকত স্টেডিয়ামে গতকাল অনুশীলন করতে আসে তারা। অনুশীলন শেষে প্রশিক্ষক তাদের সবাইকে বাড়ি চলে যেতে বলেন এবং প্রশিক্ষকও চলে যান। এক পর্যায়ে বৃষ্টি শুরু হলে স্টেডিয়ামে ফুটবল খেলতে শুরু করে কয়েকজন। হঠাৎ বজ্রপাতের শিকার হয় ওই দুজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে রিয়াজ উদ্দিনের স্বজনরা জানান, গতকাল সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে বিলে ধর্মজাল দিয়ে মাছ ধরছিলেন রিয়াজ উদ্দিন ও তার তিন ছেলে। হঠাৎ বজ্রপাতে ঘটনস্থলেই রিয়াজ উদ্দিনের মৃত্যু হয়।