শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ভারতে এক দিনেই রেকর্ড ৯৫ হাজার ৭৩৫ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত সরকারি হিসাবেই আক্রান্ত ৪৪ লাখ ছাড়িয়ে গেছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে করোনায় মৃতের সংখ্যাও ৭৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভারতে গত প্রায় এক মাস ধরে প্রতিদিনই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। শনাক্ত রোগীর তালিকায় এখন পর্যন্ত সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করা হচ্ছে, কিন্তু গত কয়েক দিন ধরে তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।
ভারতের মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেই এখন বেশি আক্রান্তের দেখা মিলছে বলে জানিয়েছে আনন্দবাজার। সর্বশেষ ২৪ ঘণ্টাতেই মহারাষ্ট্রে ২৩ হাজার, অন্ধ্রপ্রদেশে ১০ হাজার ও কর্ণাটকে ৯ হাজার ৫৪০ জনের দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। উত্তর প্রদেশেও কয়েক দিন ধরে প্রতিদিন গড়ে সাড়ে ছয় হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে।
দৈনিক শনাক্তের সংখ্যায় নতুন করে চিন্তা বাড়ছে নয়াদিল্লির। দেশটির এ রাজধানী শহরে জুলাইয়ের শেষ দিকে ও আগস্টে প্রতিদিন গড়ে এক হাজারের কম রোগী শনাক্ত হচ্ছিল। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে নতুন রোগী পাওয়া গেছে ৪ হাজারের বেশি।
তেলেঙ্গানা, আসাম, ওড়িশা, কেরালা, হরিয়ানা, পাঞ্জাব, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়েও শনাক্ত রোগী হু হু করে বাড়ছে।
ভারতে কভিড-১৯-এ মৃত্যুর এক-তৃতীয়াংশের বেশি হয়েছে মহারাষ্ট্রে। ভাইরাস এখন পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটির ২৭ হাজার ৭৮৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। তামিলনাড়–তে মৃত্যু ৮ হাজার ছাড়িয়েছে। কর্ণাটক ও দিল্লিতে মৃত্যু হয়েছে যথাক্রমে ৬ হাজার ৮০৮ ও ৪ হাজার ৬৩৮ জনের।
সংক্রমণ হার ও মৃত্যু উদ্বেগ বাড়ালেও ভারতে সরকারি হিসাবে মোট আক্রান্তে ৭৭ দশমিক ৭৪ শতাংশ এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দেশটিতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩৪ লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে।