ঘুষ কেলেঙ্কারি

দুদকের বাছিরের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের সঙ্গে ঘুষ লেনদেনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন প্রশ্নে ফের রুল দিয়েছে উচ্চ আদালত। কেন তাকে জামিন দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

গতকাল বৃহস্পতিবার বাছিরের করা জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। এনামুল বাছিরের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস।

এর আগে জামিনের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত ১১ ফেব্রুয়ারি এনামুল বাছিরকে কেন জামিন দেওয়া হবে না এ মর্মে রুল জারি করে। পরে ১০ মার্চ রুল খারিজ করে রায় দেয় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে মামলাটি এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেয় হাইকোর্ট।