সিলেটে জামিন আবেদন শুনানিকে কেন্দ্র করে আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণের পর সহকর্মীর জামিন আবেদন শুনানিতে না নেওয়ায় তাৎক্ষণিক আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় সিলেট জেলা আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে এমন পরিস্থিতির উদ্ভব হয়।
আদালত সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশের দায়ের করা নাশকতার একটি মামলায় আসামি হন আইনজীবী সমিতির সদস্য বিএনপি সমর্থিত সালেহ আহমদ। ওই মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে গত ৯ আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ অবস্থায় সালেহ আহমদ গতকাল বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। তার পক্ষে আইনজীবী সমিতির সভাপতিসহ শতাধিক আইনজীবী আদালতে যান। তখন জজ আবদুর রহিম আসামির জামিন শুনানির জন্য নির্ধারিত তারিখে (আগামী ২৩ নভেম্বর) শুনানি হবে বলে জানান। কিন্তু আসামিপক্ষের আইনজীবীরা গতকালই শুনানির দাবিতে আদালত কক্ষে হইচই শুরু করেন। এরপর তারা সেখান থেকে বেরিয়ে গিয়ে আইনজীবী সমিতির কার্যালয়ে সভায় মিলিত হন। সভাশেষে আগামী রবিবার থেকে মহানগর দায়রা জজ আদালতের কোনো কার্যক্রমে আইনজীবীরা অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দেন তারা।
এ প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ বলেন, ‘আইনজীবী সালেহ আহমদ একটি নাশকতার মামলার আসামি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় গতকাল তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। তার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবীসহ শতাধিক আইনজীবী ছিলেন। কিন্তু আদালত শুনানি করতে রাজি না হওয়ায় সমিতির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই আদালতের কার্যক্রমে অংশগ্রহণ না করার। আগামী সোমবার সমিতির আরেকটি সভা হবে। ওই সভায় পরবর্তী সিদ্ধান্ত হবে।’
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নওশাদ আহমদ চৌধুরী বলেন, ‘আসামির পক্ষে বিপুলসংখ্যক আইনজীবী হাজির হওয়ায় তাদের স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু আইনজীবীরা সেন্টিমেন্টাল হয়ে পড়েছিলেন।’