প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক চাকরিচ্যুত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নিয়ে ফেইসবুকে ‘অশালীন ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তার নাম এ কে এম ওয়াহিদুজ্জামান। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক ছিলেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান সম্প্রতি ফেইসবুকে অশালীন ও আপত্তিজনক মন্তব্য করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। এর পরিপ্রেক্ষিতে ওয়াহিদুজ্জামান আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চাকরিবিধি অনুযায়ী কারাগারে পাঠানোর দিন থেকে এ কে এম ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। এর পর থেকে তিনি পলাতক থাকেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে ওয়াহিদুজ্জামানের অশালীন ও চরম আপত্তিজনক মন্তব্যের জন্য এবং তার নিরুদ্দেশ থাকার বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্ত প্রক্রিয়ার বিভিন্ন ধাপ অনুসরণ শেষে গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২০৯তম সভায় ওয়াহিদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।