ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শরিফুল ইসলাম ওরফে খাটা মোহাম্মদ (৩০) নামে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝারী সীমান্তের ৩৮০/৮-এস নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। শরিফুল উপজেলার ছোট চড়ইগেতী গ্রামের আবদুল হোসেনের ছেলে।
আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকালু ও স্থানীয়রা জানান, শরিফুলসহ কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় ১৭১ বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান। পরে সঙ্গীরা তার লাশ বাংলাদেশে নিয়ে আসনে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে বেউরঝারী বিওপির বিজিবি সদস্য ও বালিয়াডাঙ্গী থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।