বাংলাদেশ সঞ্চয়পত্র

পুনর্বিনিয়োগ পাঁচ লাখ টাকা ছাড়ালে ১০ শতাংশ কর

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করহার বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) উদ্দেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সঞ্চয়পত্রে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ পাঁচ লাখ টাকার বেশি হলেই ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে। অর্থাৎ আগের বিনিয়োগ ও অর্জিত মুনাফা মিলে যদি পুনর্বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকার বেশি হয়ে যায়, তাহলে ১০ শতাংশ হারে উৎসে কর দিতে হবে গ্রাহকদের।

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ক্ষেত্রে উৎসে কর কর্তনের বিষয়ে গত ২০ আগস্ট একটি নির্দেশনা জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। তারপর কিছু জটিলতা দেখা দেওয়ায় নতুন এই প্রজ্ঞাপন জারি করল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র দ্বিতীয় মেয়াদে স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ফলে নিট মুনাফা ও আসল একত্রে মোট বিনিয়োগ হিসেবে গণ্য হবে। এ ছাড়া মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকা অতিক্রম করলে ১ জুলাই ২০১৯ তারিখ থেকে পরবর্তী যেকোনো সময়ে মুনাফা পরিশোধকালে উৎসে ১০ শতাংশ হারে কর কর্তন করতে হবে। আর ক্রয়কাল নির্বিশেষে মুনাফা পরিশোধের তারিখে পুঞ্জীভূত বিনিয়োগ (স্বয়ংক্রিয় পুনর্বিনিয়োগের ফলে নিট মুনাফাসহ মোট বিনিয়োগ) ৫ লাখ টাকার কম হলে মুনাফা পরিশোধকালে উৎসে ৫ শতাংশ হারে কর কর্তন করতে হবে।

২০১৯-২০ অর্থবছর থেকে সব ধরনের সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান করা হয়। আর বিনিয়োগের পরিমাণ এর কম হলে ৫ শতাংশ হারে কর কাটা হয়। আগে যেকোনো অঙ্কের বিনিয়োগের ওপর ৫ শতাংশ কর ছিল। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রেও এ নির্দেশনা কার্যকর হবে কি না, তা নিয়ে কারও কারও মধ্যে অস্পষ্টতা তৈরি হয়, তা স্পষ্ট করতেই নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট শাখার  এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন।