গোপালগঞ্জে ডাক্তার দম্পতির ওপর হামলা

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. চিন্ময় দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত ওই ডাক্তার দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সকাল ১০ টার দিকে গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোড এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

আহত ডা. চিন্ময় দত্ত জানিয়েছেন, সকালে তিনি তার পাওয়ার হাউজ রোড এলাকার ভাড়া বাসা থেকে একই এলাকায় তার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে যান। পথিমধ্যে ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। খবর পেয়ে তার স্ত্রী সঞ্চিতা দত্ত এগিয়ে আসলে তিনিও হামলার শিকার হন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ডাক্তার দম্পতিকে তারা উদ্ধার করে হাসপাতলে ভর্তি করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ডাক্তার দম্পতির ওপর হামলা ঘটনায় বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ডা. হুমায়ুন কবির নিন্দা জানিয়েছেন। তিনি জড়িতদের গ্রেফতার ও বিচার দাবী করেছেন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত)হযরত আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।