সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গণপিটুনির শিকার হয়েছেন সোহেল মোল্লা (৫০) নামে এক ইজারাদার। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বেলকুচি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার (১৭ মে) দুপুর ৩টার দিকে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আহত সোহেল মোল্লা বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য এবং এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাটের উন্মুক্ত ইজারা ডাক রবিবার বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিকেল ৩টার দিকে ইজারায় অংশ নিতে ইউএনও কার্যালয়ে প্রবেশ করেন সোহেল মোল্লা। তিনি হলরুমে অবস্থানকালে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব বনী আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম আজম এবং বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলতাফ হাজীর উপস্থিতিতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাঁকে তৃতীয় তলার হলরুম থেকে তুলে নিয়ে মারধর করতে করতে নিচে নামিয়ে আনেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে আহত সোহেল মোল্লা বলেন, ‘ইজারায় অংশ না নেওয়ার জন্য বেলকুচি বিএনপির নেতারা আগেই আমাকে হুমকি দিয়ে আসছিলেন। দুপুরে আমি ইউএনও কার্যালয়ের হলরুমে অবস্থান করার সময় বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিস ব্যাপারী, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম এবং এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল ইসলাম সোহাগের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আমার ওপর হামলা চালায়। তারা আমাকে তৃতীয় তলা থেকে মারধর করতে করতে নিচতলায় নিয়ে আসে।’
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। যারা হামলা করেছে, তাদের কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। আহত সোহেল মোল্লা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, ‘আমি জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় আছি। হামলার ঘটনা সম্পর্কে অবগত হয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
ফেডারেশন কাপ ফাইনালসহ টিভিতে যা যা থাকছে