কুমিল্লার তিতাসে গোমতী নদীতে গোসল করতে নেমে ফাতেমা (৭) ও মনিজা (৬) নামে দুই বোন নিখোঁজ হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে গোমতী নদীতে দাদির সঙ্গে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই দুই শিশু হলো ওই গ্রামের হোসেন মিয়ার মেয়ে ফাতেমা এবং মহসিন মিয়ার মেয়ে মনিজা। তারা সম্পর্কে চাচাতো বোন।
স্বজনদের বরাত দিয়ে প্রতিবেশী রাসেল মিয়া জানান, দুপুরে দাদির সঙ্গে গোমতী নদীতে গোসল করতে গিয়ে তারা ডুবে যায়।
দাদি মনে করেছেন তারা ডুব দিয়ে খেলছে। দীর্ঘ সময় হয়ে গেলেও তারা ভেসে না ওঠায় বাড়িতে থাকা লোকজনকে খবর দিলে নদীতে নেমে খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। এরপর আমি নিজে ৯৯৯ ফোন দিলে চাঁদপুর থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৭টা পর্যন্ত চেষ্টা করে তাদের কোনো খোঁজ পায়নি। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল বলে জানান তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম।