মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ বাচ্চু হাওলাদার (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রামপাল স্টোরের সামনে থেকে মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদারকে হাতেনাতে আটক করা হয়। তার কাছে পাওয়া ব্যাগের মধ্যে ১০ কেজি মাংস ছাড়াও হরিণের মাথা এবং পা পাওয়া যায়।
বাচ্চু পৌর শহরের কুমারখালী এলাকার দেলোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা। সে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো. মজনু হাওলাদারের ছেলে।
এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারি চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।